পিরোজপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এ র্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতশত সমর্থক অংশ নেন।
প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের জার্সি পরে মিছিলে যোগ দেন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অংশগ্রহণ করেন। এ সময় গানের তালে তালে নাচ-গান ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
বিকেলে পিরোজপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিশাল আর্জেন্টিনার পতাকা নিয়ে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো সমর্থক আর্জেন্টিনার জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সাউন্ড সিস্টেমের তালে তালে তাদের আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমর্থকদের আনন্দঘন এ আয়োজন দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন।
সমর্থকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার একটি বড় অংশ। বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।
পিরোজপুরে ফুটবলপ্রেমীদের এই উচ্ছ্বাস প্রমাণ করে, দেশের দক্ষিণাঞ্চলেও আর্জেন্টিনা দলের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে।
পড়ুন : আর্জেন্টিনা সমর্থক পুলিশদের হারালো ব্রাজিল সমর্থক পুলিশ


