বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ আজ হিসেবে ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ধামরাই উপজেলায় ৩০ হাজার ৮শত গাছ রোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) দুপুরে ধামরাই পৌরসভা চত্বর ও হাডির্ঞ্জ স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
ধামরাই পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ধামরাই পৌর এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


