বিজ্ঞাপন

উপসালা টাইগার্সের জার্সিতে সাকিবের অভিষেক কাল

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ইউরোপের ক্রিকেটে। সুইডেনের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এ অংশ নিতে কাল সোমবার মাঠে নামবে তার দল উপসালা টাইগার্স।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্টকহোম ইউনাইটেডের মুখোমুখি হবে উপসালা টাইগার্স। স্টকহোমে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এটিই চলতি আসরে উপসালা টাইগার্সের প্রথম ম্যাচ এবং এই ম্যাচ দিয়েই নতুন দলের হয়ে অভিষেক হবে সাকিব আল হাসানের।

১৫ থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে ছয়টি শহরভিত্তিক দল। আইসিসির সহযোগী (অ্যাসোসিয়েট) সদস্য দেশ সুইডেনের জন্য এই টুর্নামেন্টকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একক রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

উদ্বোধনী আসরকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে উপসালা টাইগার্স। কারণ, ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উপস্থিতিতে দলটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

নতুন এই যাত্রা নিয়ে আশাবাদী সাকিব। তিনি বলেন, ইংল্যান্ডভিত্তিক বাংলাদেশিদের ক্লাব ইউকে বাংলা টাইগার্সের মাধ্যমে উপসালা টাইগার্সের সঙ্গে আমার যাত্রা শুরু হচ্ছে। আমরা খুব ভালো একটি দল গড়েছি। অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর সঙ্গে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন দক্ষ দলনেতা। আশা করি নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপে আমরা ভালো কিছু করতে পারব।

অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বাধীন দলটিতে রয়েছে বহুজাতিক ক্রিকেটারদের সমন্বয়। সুইডেনের পাশাপাশি অস্ট্রিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইতালির খেলোয়াড়রাও রয়েছেন স্কোয়াডে। সাকিব ছাড়াও দলে আছেন করণবীর সিং, ওয়েন গ্যারি পামার, শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, রৌশান সিং, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে, হুমায়ুন কবির জ্যোতিসহ আরও অনেকে।

সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মোহাম্মদ চৌধুরীও। তিনি বলেন, প্রথমবারের মতো আমরা সাকিব আল হাসানের মতো বিশ্বমানের একজন ক্রিকেটারকে দলে পেয়েছি। তার উপস্থিতি আমাদের দলের শক্তি ও মান দুটোই বাড়িয়েছে। শুধু আমাদের দল নয়, পুরো টুর্নামেন্টের আকর্ষণও বেড়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছি। সাকিবকে নিয়ে আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ। সাকিবের পাশাপাশি নিউজিল্যান্ডের টম ব্রুস এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও খেলবেন এই আসরে। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু বিদেশি তারকাদের উপস্থিতি নয়। সুইডেনের স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়াও এর অন্যতম লক্ষ্য। আয়োজকদের আশা, এই উদ্যোগ সফল হলে ইউরোপের অন্যান্য উদীয়মান ক্রিকেট দেশগুলোর জন্যও এটি অনুসরণীয় মডেল হয়ে উঠবে।

এদিকে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে সাকিব আল হাসানের দিকেই। নতুন পরিবেশ, নতুন ফ্র্যাঞ্চাইজি এবং নতুন এক ক্রিকেট অধ্যায়ে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার কেমন পারফর্ম করেন, সেটিই হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ।

উপসালা টাইগার্স স্কোয়াড
মোহাম্মদ চৌধুরী (অধিনায়ক), সাকিব আল হাসান, করণবীর সিং, ওয়েন গ্যারি পামার (উইকেটকিপার), শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, রৌশান সিং, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে, চিন্থাকা রাজাপক্ষ করুণাসিংহে, তাসাদ্দুক হোসেন, লেমার মোমান্দ, হুমায়ুন কবির জ্যোতি, প্রশান্ত শুক্লা, কুদরাতুল্লাহ মীর আফজাল, হামিদ মাহমুদ, আনাস জহির।

বিজ্ঞাপন

পড়ুন : কানাডার উদ্বোধন মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন