ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতা, গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহার এবং তারল্য সংকটের মধ্যে এ বৈঠক শুরু হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
এ ছাড়া, বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিনিধি দলটি ব্যাংকের চলমান পরিস্থিতি, তারল্য চাপ এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করবে।
প্রসঙ্গত, সম্প্রতি গ্রাহকদের ব্যাপক টাকা উত্তোলনে বড় ধরনের সংকটে পড়েছে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পড়ুন : সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক


