স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনি এলাকায় তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়েছে। সোমবার (১৫ জুন) বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি দাবি করেন, তার সন্তানের নামের সঙ্গে মিল রেখে নয়, একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ‘সীমান্ত’ এবং আরেকটি দূরবর্তী হওয়ায় ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে।
এর আগে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নে তার মীর বংশের নামে ‘মীরবাড়ি’ নামে নামকরণ করেছেন। তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান, সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে।’
প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন। তিনি বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি—এ দুটি ইউনিয়ন ছিল অনেক বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই–বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

