আগামীকাল ১৭ জুন মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগের দিন হুট করেই বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের ঘোষিত দল থেকে বাদ পড়া অভিজ্ঞ বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে সৌম্যকে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। এতে এই সিরিজের জন্য এখন বাংলাদেশ দল ১৬ সদস্যের রূপ নিল।
এর আগে সিরিজকে সামনে রেখে ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিল নির্বাচকরা। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার দুই পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের।
জানা গেছে, কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন রিপন মন্ডল। পিঠের চোটে তানজিম সাকিব সবশেষ সিরিজেই খেলতে পারেননি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও একটি টি-টোয়েন্টি খেলা নাহিদ রানা।
ঘোষিত এই দলে নিয়মিত অধিনায়ক লিটন দাসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। সাবেক সহ-অধিনায়ক সাইফ হাসান এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হৃদয়ের কাঁধে এই নতুন ভার দেওয়া হয়। ১৭ জুন প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের ভেন্যুতে প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
পড়ুন: মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান, যান চলাচলে বিঘ্ন
আর/


