ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত বাবা- ছেলে মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোটর সাইকেল নিয়ে নবাবগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন বাবা হারুন অর রশিদ ও ছেলে সাদ। হাড়ভাঙ্গা ব্রীজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক মুহূর্তে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবা- ছেলেকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পড়ুন : সরকারি প্যাকেটে অবৈধ বনরুটি: নেত্রকোনায় ব্যবসায়ীকে অর্থদণ্ড


