বিজ্ঞাপন

খুনের একশো গজ দূরত্বে থানা, ৮ মাসেও নেই রহস্য উদঘাটন: ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নেত্রকোনার মোহনগঞ্জে চাঞ্চল্যকর মুদি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও এখনও অধরা প্রকৃত অপরাধীরা। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই হত্যার রহস্য উদঘাটন, আসামিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ বণিক সমিতির উদ্যোগে তাদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত ব্যবসায়ীর পরিবারের সদস্য, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন নিহত নারায়ণ চন্দ্র পালের বিধবা স্ত্রী লিপি রাণী পাল। তিনি জানান, গত বছরের ৬ অক্টোবর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নির্মমভাবে খুন হন তার স্বামী। এ ঘটনায় গত ৮ অক্টোবর মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত প্রকৃত আসামিদের শনাক্ত করতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, বারবার আশ্বাসের পর পুলিশ নিজেদের ব্যর্থতা স্বীকার করে মামলাটি পিবিআই-তে হস্তান্তরের পরামর্শ দিয়েছে। বর্তমানে আবেদনটি ঢাকা পুলিশ সদর দপ্তরে থাকলেও এর কোনো অগ্রগতি নেই। দুই এতিম সন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটানো লিপি রাণী ন্যায়বিচারের দাবিতে সাংবাদিকদের ‘কলম যুদ্ধ’ চালিয়ে যাওয়ার আকুল আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ নির্মম হত্যার বিচার না হলে সমাজে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।”

মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া তার বক্তব্যে বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে নিজ প্রতিষ্ঠানে এভাবে হত্যা করা পুরো ব্যবসায়ী সমাজের জন্য এক বড় অশনিসংকেত। আমরা অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

সমিতির সহ-সভাপতি গোলাম রব্বানী এবং অপর সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ ওরফে দুদু মিয়া প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহরের ব্যস্ততম বাজারে খুনের দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও পুলিশ অপরাধীদের ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ডিজিটাল যুগে পুলিশের এমন নিষ্ক্রিয়তায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্ত্রী-সন্তানদের চরম অসহায়ত্বের কথা তুলে ধরে তারা সমিতির পক্ষ থেকে দ্রুত এ হত্যার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক বাবু বিমল চন্দ্র দে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানা থেকে মাত্র একশো গজ দূরে শহরের ব্যস্ততম মোড়ে এমন একটি খুন হলো, অথচ ৮ মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে শনাক্ত করতে পারল না- এটি মেনে নেওয়া যায় না “ তিনি আগামী এক মাসের মধ্যে প্রকৃত খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল স্তরের গণমাধ্যমকর্মীদের অসহায় এই পরিবারের পাশে সোচ্চার থাকার অনুরোধ করেন তিনি।

বণিক সমিতির সম্মানিত সদস্য হাবিবুর রহমান দোহা এবং প্রচার সম্পাদক দীপক বনিক বলেন, প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে তদন্তের নামে কোনো ধরনের গাফিলতি বা নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়, সেদিকে খেয়াল রেখে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরিশেষে ব্যবসায়ীরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রশাসন হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে মোহনগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে কর্মসূচি ঘোষণা করা হবে।

পড়ুন- ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নাটকীয় মোড়, বৈঠক বাতিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন