গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার পর উপজেলার পালপাড়া এলাকার ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। তুলার মতো দ্রুত দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে গুদাম থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে পথচারীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পড়ুন:বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস
ইমি/


