বিজ্ঞাপন

বহু দিন পরে বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ঘিরে। টলিপাড়ার অন্দরের খবর, এই নতুন ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে অভিনেতা রাজদীপ গুপ্ত ও অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়কে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট শিল্পীরাও মুখ খুলতে রাজি নন।

বিজ্ঞাপন

সিনে মহলের একাধিক সূত্রের দাবি, মৈনাক ভৌমিকের নতুন ছবির জন্য ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। শুধু রাজদীপ বা লেখা নন, টলিউডের আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীকেও এই ছবিতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

জানা গেছে, ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ‘স্টুডিয়ো ব্লটিং পেপার্স’ নামের একটি প্রযোজনা সংস্থা। যদিও এ বিষয়ে সংস্থার পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, ছবির শুটিং এখনও শুরু হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। ছোটপর্দার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত এই অভিনেতা একসময় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঈশানের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। বিশেষ করে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

তবে গত কয়েক বছর ধরে অভিনয়ে খুব বেশি দেখা যায়নি তাঁকে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রাজদীপ নিজেই জানিয়েছিলেন, তাঁর হাতে তেমন কোনও কাজ নেই। তিনি বলেছিলেন, “এখন হাতে তেমন কোনও কাজ নেই। বাড়িতেই আছি। একটি সিরিজের কথা হচ্ছিল, তবে তা এখনও চূড়ান্ত হয়নি।”

এর আগে শোনা গিয়েছিল, নির্মাতা স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরতে পারেন রাজদীপ। কিন্তু পরে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে অভিনেতা জানিয়েছিলেন, প্রাথমিক আলোচনা হলেও পরবর্তীতে আর বিষয়টি এগোয়নি।

রাজদীপের কথায়, কেন কাজের সুযোগ কমে গেছে বা নতুন প্রস্তাব আসছে না, তার নির্দিষ্ট কোনও কারণ তাঁর জানা নেই। তবে তিনি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই মৈনাক ভৌমিকের নতুন ছবিতে তাঁর অভিনয়ের সম্ভাবনার খবর সামনে আসায় অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়ের নামও এই ছবির সঙ্গে জড়িয়ে যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। যদিও তিনি বা তাঁর ঘনিষ্ঠ মহল কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

সব মিলিয়ে, মৈনাক ভৌমিকের নতুন ছবিকে ঘিরে টলিপাড়ায় এখন কৌতূহল তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। তবে যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে দীর্ঘ বিরতির পর রাজদীপ গুপ্তকে আবারও বড় পর্দায় দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা।

পড়ুন:বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন