মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। শনিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বজলুর রহমান বকুল নওদা মটমুড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।
ভুক্তভোগী বজলুর রহমান বকুল জানান, প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। রোববার (২১ জুন) ভোরে স্থানীয়দের ফোন পেয়ে দোকানে এসে দেখেন দোকানের ভেতর আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, দোকানে বিক্রির জন্য প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রী মজুত ছিল। আগুনে অন্তত ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের অবকাঠামো ও অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, একজন ব্যবসায়ীর জীবিকার অবলম্বন এভাবে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি
আর/


