আবারও বড় ব্যবধানে হারল তিউনিসিয়া। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হেরেছিল তিউনিসিয়া।
টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, দাপুটে এই জয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে জাপান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও তারা আধিপত্য ধরে রাখে। জাপানের হয়ে দুটি গোল করেন আয়াসে উয়েদা। এছাড়া একটি করে গোল করেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
ম্যাচের ৬৯তম মিনিটে জাপানের তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। এরপর ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে জয়কে আরও বড় করেন উয়েদা।
এদিকে, ম্যাচটি বিশেষ একটি মাইলফলকেরও সাক্ষী হয়ে থাকল। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল। ১৩ দল নিয়ে শুরু হওয়া সেই আসর এখন ৪৮ দলের বৈশ্বিক ফুটবল মহাযজ্ঞে পরিণত হয়েছে।
হাজারতম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকল জাপান।


