শিক্ষা জীবনের সোনালী ও স্মৃতিময় অধ্যায়ের পর্দা নামিয়ে নতুন স্বপ্ন আর সম্ভাবনার পথে যাত্রা শুরু করলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আবেগ, ভালোবাসা, স্মৃতিচারণ ও শুভকামনায় মুখর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে তাদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।
আজ ২১ শে জুন (রবিবার) সকাল ১০টায় ওই কলেজের হলরুমে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । বিদায়লগ্নে একদিকে প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনা, অন্যদিকে নতুন গন্তব্যের স্বপ্ন—দুইয়ের মিশেলে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ।
অন্যদের মধ্যে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ এইচ এম শাকিল আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য জুলকার নাঈম,ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রবিউল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান আবির । গণিত বিভাগের প্রভাষক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বিভাগের প্রভাষকবৃন্দ, অভিভাবক এবং বিদায়ী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, কলেজ থেকে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আগামী দিনে শিক্ষার্থীদের পথ চলতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিদায়লগ্নে শিক্ষকদের কণ্ঠে ছিল স্নেহমাখা উপদেশ আর শিক্ষার্থীদের চোখে ছিল স্মৃতিবিজড়িত জল। অশ্রুসিক্ত নয়নে বিদায়ী ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করে। অনুষ্ঠানের শেষভাগে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিশেষে, শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা যেন সফল ও আলোকিত হয়—এই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পড়ুন : কুড়িগ্রামে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ বাড়ছে কর্মসংস্থান


