স্পেনের পর এবার উরুগুয়ের বিপক্ষেও দারুণ লড়াই করে নকআউটে ওঠার আশা জিইয়ে রাখল বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের আগে উভয়ের ঝুলিতে ছিল একটি করে পয়েন্ট।
প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অনবদ্য নৈপুণ্যে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও হার এড়িয়ে আরও এক মূল্যবান পয়েন্ট তুলে নিল তারা।
ম্যাচজুড়ে ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল উরুগুয়ে। গোলের উদ্দেশে ১৭টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি। অন্যদিকে কেপ ভার্দের ১২টি শটের চারটি ছিল অন টার্গেটে।
শুরুতে বলের নিয়ন্ত্রণ উরুগুয়ের দখলে থাকলেও আক্রমণে কার্যকর হতে পারেনি তারা। এরই মধ্যে ২১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় কেপ ভার্দে। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে এটি দ্বিতীয় গোল।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করে উরুগুয়ে। একই সঙ্গে আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করার কৃতিত্ব গড়েন কেভিন পিনা।
১৯ বছর পর বড় কোনো আন্তর্জাতিক আসরে আবারও সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল উরুগুয়ে। এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল দলটি।
গোল হজমের ধাক্কা কাটিয়ে দ্রুতই ম্যাচে ফেরে উরুগুয়ে। ৪৪ মিনিটে সমতায় ফেরান মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আগুস্তিন কানোবিওর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় উরুগুয়ে। তবে ম্যাচের ৬১ মিনিটে তাদের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান হেলিও ভারেলা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।
গোলটির পেছনে ছিল মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মধ্যে ভুল বোঝাবুঝি। বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা ব্যর্থ হলে এগিয়ে থাকা মুসলেরাকে পরাস্ত করে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন ভারেলা।
এর কিছুক্ষণ পর উরুগুয়ে আবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের শেষ দিকে বেন্তানকুরের জোরালো শট রক্ষণভাগে প্রতিহত হলে আর এগিয়ে যেতে পারেনি তারা।
শেষ সময় দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কেউ আর ব্যবধান গড়ে দিতে পারেনি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের পর ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে কেপ ভার্দে। অন্যদিকে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরব।
আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে। স্পেন যদি উরুগুয়েকে হারায়, তবে সৌদি আরবের বিপক্ষে ড্র করলেই ৩ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের সামনে।
পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক


