আগামী ১২ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (IEO) ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ৫ সদস্যের মেধাবী শিক্ষার্থী দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের (BDEO) অ্যাম্বাসেডর জনাব মনসুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BDEO-এর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মোঃ আল আমিন পারভেজ এবং অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক ও পূবালী ব্যাংকের প্রতিনিধিবৃন্দ।
২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে অর্থনীতির জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদের বিশ্লেষণমূলক দক্ষতা বৃদ্ধি করা। এবছর সারা দেশের ৪৮ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে চার ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ৫ জনকে নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচজন মেধাবী শিক্ষার্থী হলেন:
• ফারাবিদ ইবনে ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল)
• ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ)
• যাইফ ইবনে মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ)
• প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল)
• ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)
সংবাদ সম্মেলনে নির্বাচিত প্রতিযোগীরা আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তাদের উচ্ছ্বাস ও অনুভূতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের সাথে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে চীনে যাবেন BDEO কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মোঃ আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মোঃ আল আমিন রাকিব।


