বিজ্ঞাপন

দল-মতের ঊর্ধ্বে উঠে কলমাকান্দাকে মডেল জনপদ হিসেবে গড়তে চাই: ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ এবং বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের রাজনৈতিক আদর্শ বা ব্যক্তিগত মতামত ভিন্ন হতে পারে। কলমাকান্দার সার্বিক উন্নয়নের প্রশ্নে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। দল, মত ও পথের ঊর্ধ্বে উঠে আমাদের এলাকাকে সাজাতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের অবদানকে স্মরণ করে এবং আমরা চলে যাওয়ার পর কেউ যেন বলতে না পারে পূর্ব-পুরুষেরা আমাদের জন্য কিছুই করে যাননি।”

কলমাকান্দার অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা বাজারকে ঘিরে বাইপাস সড়ক এবং মহাসড়ক নির্মিত হলে এলাকার জমির দাম বাড়বে, অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং এটি ভাটি অঞ্চলের মধ্যে অন্যতম উন্নত ও আধুনিক জনপদে পরিণত হবে। ভবিষ্যতে এটিকে পৌরসভায় রূপান্তর করা হলে ড্রেনেজ সিস্টেমসহ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা শিক্ষা, চিকিৎসা ও মানবিক কলমাকান্দা গড়তে চাই। এর জন্য সবার আগে প্রয়োজন কলমাকান্দাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা।” যুবসমাজকে সুপথে ফিরিয়ে আনতে এলাকায় স্পোর্টস স্টেডিয়াম, ট্রেনিং স্কুল এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং তা দ্রুতই দৃশ্যমান হবে বলে জানান তিনি।

উন্নয়ন কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কড়া হুঁশিয়ারি দেন ডেপুটি স্পিকার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “বাইপাস সড়ক ও বাজার উন্নয়নের কাজে সঠিক পরিমাপের বালু, ইট এবং রড ব্যবহার করতে হবে। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। সাধারণ মানুষ যেন টেকসই রাস্তার সুবিধা ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”

এ সভায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বাজারের ব্যবসায়ী কমিটি এবং মসজিদের ইমাম ও ধর্মীয় প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিপুল সংখ্যক ভোটারের কলমাকান্দার উন্নয়ন একা করা সম্ভব নয়। উপস্থিত সবাইকে নিজ নিজ গ্রামে ও পরিবারে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন ও কলমাকান্দার ইউএনও এস এম মিকাইল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নূরু, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা বাজার ও নির্ধারিত বাইপাস এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন