প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ দলের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হওয়া কেপ ভার্দের পরবর্তী প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কোনো গোল না হলেও লড়াই, উত্তেজনা এবং সমীকরণের নাটকীয়তায় ছিল ভরপুর। ম্যাচের আগে কেপ ভার্দের সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল, আর সৌদি আরবের লক্ষ্য ছিল টুর্নামেন্টে টিকে থাকা। শেষ পর্যন্ত সুসংগঠিত রক্ষণভাগ এবং শৃঙ্খলিত পারফরম্যান্সে কাঙ্ক্ষিত ফল তুলে নেয় কেপ ভার্দে।
মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে কখনো বিশ্বকাপে খেলেনি। তবে অভিষেক আসরেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ সমতা এনে আলোচনায় আসে দলটি। শেষ ম্যাচেও পরাজয় এড়িয়ে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে।
ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ। শুরুর দিকে বলের দখলে এগিয়ে ছিল কেপ ভার্দে। পরে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে সৌদি আরব। ১৮তম মিনিটে আবদুলহামিদের ক্রস থেকে অধিনায়ক সালেম আল-দাওসারি সুযোগ পেলেও ওয়াগনার পিনার দৃঢ় ব্লকে সেই আক্রমণ ব্যর্থ হয়। ২২তম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করে কেপ ভার্দে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে উইলি সেমেদোর নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
প্রচণ্ড গরমের কারণে ২৪তম মিনিটে হাইড্রেশন ব্রেক দেওয়া হয়। এরপর ৩২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাকতি। তার পরিবর্তে খেলতে নামেন আলি লাজামি। প্রথমার্ধের যোগ করা সময়ে সৌদি আরব সবচেয়ে ভালো সুযোগটি পায়। সুলতান মান্দাশের ক্রস থেকে মোহাম্মদ কান্নোর হেড সহজেই ধরে ফেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সৌদি আরব। তবে কেপ ভার্দের রক্ষণভাগ ছিল অনড়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের মাধ্যমে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে।
একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে হারায় উরুগুয়েকে। এতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে।
গ্রুপ রানার্সআপ হওয়ায় শেষ ৩২ দলের নকআউটে কেপ ভার্দের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


