তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৬, শনিবার সকাল ৯ টায় দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটরড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য এক বিশেষ ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর এবং রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে ১২৬ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ড্রাইভার ও ড্রাইভারস হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটরড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।
অনুষ্ঠিত আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান,পিভিএম,পিভিএমএস।
আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রবীর চন্দ্র এবং প্রাণ আরএফএল কোম্পানির প্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি/পেশাগত প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ২৭৮ জন তরুণ আনসার ও ভিডিপি সদস্যের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো। দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ চালক তৈরিতে বাহিনীর এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।


