আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, অসদুপায় অবলম্বন কিংবা প্রশ্নফাঁসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে কেন্দ্রপ্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট শিক্ষা বোর্ডের পাশাপাশি সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
কেন্দ্রপ্রধানদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালে প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া যাবে না।কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ, পরীক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং কেন্দ্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন এবং কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন:ইরানের অস্তিত্ব থাকবে না—ট্রাম্পের হুঁশিয়ারি: ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বড় সংঘাতের আশঙ্কা!
দেখুন:টিএসসিতে আর্জেন্টাইন ফ্যানদের বাধঁধভাঙা উল্লাস!
ইমি/


