ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং এর ফলে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে সরকারি উদ্যোগে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে তা ব্যাহত হয়। এর ফলে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং অবহেলার কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি হামের জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এনসিসি প্রশাসক জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডে ১৪৪টি স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রসহ মোট ৩৪০টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রায় ৮০০ স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি মা-বাবার দায়িত্ব। সরকার শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, যার মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্যতম গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে, ডায়রিয়া ও রক্তশূন্যতার ঝুঁকি কমায় এবং তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। এছাড়া যারা নির্ধারিত দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে না, তারা পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে এ সেবা গ্রহণ করতে পারবে।
পড়ুন- ইরানের অস্তিত্ব থাকবে না—ট্রাম্পের হুঁশিয়ারি: ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বড় সংঘাতের আশঙ্কা!


