যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত এআই মডেলের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের পর বৈশ্বিক প্রযুক্তি খাতে নতুন প্রতিযোগিতার সূচনা হয়েছে। প্রতিষ্ঠানটির ‘মিথস’ ও ‘ফেবল ৫’ মডেলের ব্যবহার সীমিত হয়ে পড়ায় এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের নতুন এআই মডেল নিয়ে বাজারে সক্রিয় হয়ে উঠেছে।
জাপানের স্টার্টআপ সাকানা এআই সম্প্রতি ‘ফুগু’ নামে একটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ফুগু অ্যানথ্রপিকের শক্তিশালী এআই মডেলের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি একাধিক এআই সিস্টেমকে একই সঙ্গে পরিচালনা করতে পারে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন মডেল ব্যবহার করার সুযোগ পাবেন।
সাকানা এআই জানিয়েছে, জাপানের ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার প্রয়োজন বিবেচনায় রেখেই ফুগু তৈরি করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এটি অ্যানথ্রপিকের বিকল্প হিসেবে নয়; বরং স্বাধীন প্রযুক্তিগত সক্ষমতার ভিত্তিতে নির্মিত একটি নতুন এআই প্ল্যাটফর্ম।
অন্যদিকে, চীনের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ৩৬০ দুটি নতুন এআইভিত্তিক টুল উন্মোচন করেছে। এর মধ্যে ‘তুলংফেং’ সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে সক্ষম। আর ‘ইতিয়ানঝেন’ তৈরি করা হয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, অ্যানথ্রপিকের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের ঘটনা দেখিয়ে দিয়েছে, একটি দেশের প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে। এ কারণে বিভিন্ন দেশ এখন নিজস্ব এআই প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ বাড়াচ্ছে। এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সেই সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক এআই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। তবে বর্তমান পরিস্থিতিতেও মার্কিন এআই প্রযুক্তির প্রভাব অটুট রয়েছে এবং আগামী দিনে এই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পড়ুন:একটি প্রজন্মের শৈশবের জাদুকর: মুস্তাফা মনোয়ার
দেখুন:এনসিপি যাদের সাথে জোট করেছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল |
ইমি/
পড়ুন:একটি প্রজন্মের শৈশবের জাদুকর: মুস্তাফা মনোয়ার
দেখুন:এনসিপি যাদের সাথে জোট করেছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল |
ইমি/


