নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের তৎপরতা, বিক্ষোভ ও নাশকতা রুখতে দিনাজপুরের হিলিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার (১ জুলাই) সকাল থেকেই হিলির এলএসডি গুদাম মোড় এলাকায় অবস্থিত ছাত্রলীগের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ টহল। বিশৃঙ্খলা এড়াতে সাধারণ পোশাকের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও পুরো এলাকায় নজরদারি বাড়িয়েছেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সার্বিক পরিস্থিতির বিষয়ে গণমাধ্যমকে জানান, “যেকোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা চালানো হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষ থেকে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়নি। বর্তমানে হিলি ও এর আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
পড়ুন : হোলি আর্টিজান হামলার ১০ বছর: কী ঘটেছিল সেদিন?
সা/


