চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর এনায়েত উল্লাহ (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। টার্ফ মাঠে খেলা শেষে গোলপোস্টের ওপর রাখা নিজের শার্ট নামাতে গেলে গোলপোস্টটি মাথার ওপর ভেঙে পড়ে গুরুতর আহত হয় সে।
নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার দর্জি বাদশা আলমের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় সে নিজের গায়ের শার্ট খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে শার্টটি নামাতে গেলে ভারসাম্য হারিয়ে গোলপোস্টটি তার মাথার ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউতে শয্যা খালি না থাকায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিবারের আর্থিক সংকটের কারণে আবারও তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যায় এনায়েত।
সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এনায়েত আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
এদিকে এনায়েতের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা টার্ফ মাঠগুলোতে স্থাপিত গোলপোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পড়ুন : টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার


