বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড, বিপণন প্রতিষ্ঠান এবং কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে বিজ্ঞাপন ও প্রচারণামূলক কনটেন্ট তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের ভাষ্য অনুযায়ী, ‘সিম্ফনি এজেন্ট’ স্থানীয় সংস্কৃতি, ভাষা এবং দর্শকদের আগ্রহ বিশ্লেষণ করে সেই অনুযায়ী কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। ফলে বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় প্রচারণা পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে একটি সাধারণ ধারণা থেকেই অল্প সময়ের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে।
বর্তমান ডিজিটাল বিপণনের যুগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কম সময়ে বেশি কনটেন্ট তৈরি করা ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই চাহিদা পূরণে ‘সিম্ফনি এজেন্ট’ টিকটকের বিদ্যমান সৃজনশীল টুলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর ফলে বিজ্ঞাপন নির্মাণের পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে।
দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনদাতাদের জন্য টিকটকের ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’-তেও যুক্ত করা হয়েছে নতুন সুবিধা। এখানে এআইচালিত চ্যাটের মাধ্যমে ব্যবহারকারীরা টিকটক উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। এতে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি সৃজনশীল কনটেন্ট তৈরির সুযোগও বাড়বে।
নতুন এই এআই টুলে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই দিয়ে তৈরি কনটেন্টে স্পষ্ট লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করতে পারবেন এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় থাকবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের সবচেয়ে বড় শক্তি হলো সৃজনশীলতা। ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ আরও ভালোভাবে বুঝতে, নতুন কনটেন্ট তৈরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।
টিকটকের মতে, বর্তমান সময়ে ব্যবহারকারীরা বাস্তবসম্মত, প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই বাস্তবতা বিবেচনায় এআইনির্ভর ‘সিম্ফনি এজেন্ট’ ব্র্যান্ড, কনটেন্ট নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করবে। একই সঙ্গে ডিজিটাল বিপণন কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নতুন প্রযুক্তি।
পড়ুন:নতুন করে আইনি চাপে পড়েছে মেটা
দেখুন:কঠিন জয়ের পর থামছে না আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাস
ইমি


