ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে দেখার পরিকল্পনা করছেন। যদিও এ বিষয়ে অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের অনুপস্থিতি নিয়েই মূলত এই জল্পনার সূত্রপাত। নির্বাচনে ভোট না দেওয়ায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। পরে তার ঘনিষ্ঠ একটি সূত্র কয়েকটি গণমাধ্যমকে জানায়, ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে চান এই অভিনেতা।
দীর্ঘদিন ধরেই শাকিব খান আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। ফলে প্রিয় দলের সম্ভাব্য ফাইনাল ম্যাচ ঘিরে তার যুক্তরাষ্ট্র সফরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই মনে করছেন, ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল মাঠে বসে উপভোগ করতেই তার এই সফর।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে আরেকটি গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, স্ত্রী শবনম বুবলীর সদ্যোজাত কন্যা সন্তান শার্লিন খানকে দেখতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। যদিও এ দাবিরও কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হয়নি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের আগের রাতেই ঢাকাছাড়া করেন শাকিব খান। ফলে নির্বাচনের দিন তিনি দেশে না থাকায় ভোট দিতে পারেননি।
এদিকে জানা গেছে, এই সফরের পেছনে ব্যক্তিগত ও আইনি একটি কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড) থাকায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। ফলে বিশ্বকাপ ফাইনাল দেখা ছাড়াও অভিবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও তার এই সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে।
তবে বিশ্বকাপের ফাইনালে সত্যিই শাকিব খান গ্যালারিতে উপস্থিত থাকবেন কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত।
পড়ুন:অবশেষে বিয়ে করলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


