বিজ্ঞাপন

ক্রেতা সেজে ডিবির অভিযান: দুর্গাপুরে হামলায় ৫ পুলিশ আহত, গ্রেপ্তার ২

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের অতর্কিত হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং একশো বোতল ফেনসিডিল জব্দ করেছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটিসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে, গতকাল (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)।

হামলায় আহত জেলা ডিবি পুলিশের সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব এবং কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদক কেনার জন্য ক্রেতা সেজে মাসকান্দা গ্রামে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। ডিবির সদস্যরা আভিযানিক কার্যক্রম শুরু করলেই চিহ্নিত মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ আবদুল আউয়াল ও আলী আকবরকে আটক করতে সক্ষম হলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একশো বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় আহত এসআই হায়দার আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, বিশেষ ক্ষমতা আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব জানান, গ্রেপ্তারকৃত আলী আকবর একজন পেশাদার মাদক কারবারি। প্রায় দুই মাস আগেও ছয়শো বোতল ফেনসিডিলসহ সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ওই মামলায় জামিন পেয়ে গত সোমবারই সে কারাগার থেকে বের হয়। জেল থেকে বের হয়েই সে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে জোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন