গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৫ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চারজনকে সাত দিনের, একজনকে এক মাসের এবং অপর একজনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
পড়ুন : আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
সা/


