চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” এরপরই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার সামশুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে উপজেলা সদরে নিজের কাপের দোকানে যাচ্ছিলেন জুয়েল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


