উৎপাদিত পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাদল মিয়া।
আদালত সূত্র জানায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় স্টেশন রোডের ‘কাকলী বেকারী’কে ৫ হাজার টাকা, রেলগেট এলাকার ‘মাজেদুর দই ঘর’কে ১ হাজার টাকা এবং একই এলাকার ‘ফজলু দই ঘর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা এবং ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইমি


