দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠ গরম হতে শুরু করেছে। এই নির্বাচনকে ঘিরে সাধারণ শ্রমিক ও ভোটারদের মাঝে এখন তুঙ্গে উৎসবের আমেজ।
নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে, সংগঠনের সাবেক সফল ও প্রয়াত সভাপতি মরহুম মোজাম্মেল হক এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘বটগাছ’ প্রতীকটি এবার আসন্ন নির্বাচনে সদ্য সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল হককে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
শ্রমিকদের আবেগ ও ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত এই ‘বটগাছ’ প্রতীকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কলেজ মোড় পিক-আপ শ্রম কল্যাণ উপ-কমিটির সভাপতি মোঃ রইচ উদ্দিন শেখ জাকির এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। এসময় দিনাজপুর জেলাধীন জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল স্তরের শ্রমিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক হস্তান্তরের এই মাহেন্দ্রক্ষণ থেকেই আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে ও জোরালোভাবে শুরু হলো। প্রিয় নেতার প্রতীক ফিরে পেয়ে সাধারণ শ্রমিক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নতুন জোয়ারের সৃষ্টি হয়েছে।
পড়ুন : উত্তাল সাগরে থমকে গেছে মাছ শিকার, চরম সংকটে জেলে পরিবার


