নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমির সীমানা ও পানি চলাচলের ড্রেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী কৃষক মো. বেলাল মিয়া (৫৫) চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা এলাকার বাসিন্দা আহম্মদ মিয়ার ছেলে মো. বেলাল মিয়ার সঙ্গে প্রতিবেশী রাশেদ (২৬), আনোয়ার হোসেন (৫৫) ও নাছির উদ্দিন (৫০)-এর দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কেন্দ্রবিন্দু ছিল বেলাল মিয়ার বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত পানি চলাচলের একটি ড্রেন, যা প্রতিপক্ষ নিজেদের দাবি করে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও প্রতিপক্ষ তা মানেনি। বরং তারা বেলাল মিয়ার সীমানায় থাকা পাঁচটি ফিলার তুলে ফেলে দেয়। সর্বশেষ রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে বেলাল মিয়া তার বসতবাড়ির পাশের ড্রেন পরিষ্কার করতে গেলে রাশেদের নেতৃত্বে আনোয়ার হোসেন ও নাছির উদ্দিনসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়।
এ সময় তারা তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে যায়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত রাশেদ একটি লম্বা দেশীয় অস্ত্র (চেনি) দিয়ে তার মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। বেলাল মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, বেলাল মিয়া ও তার পরিবারের দিকে অভিযুক্ত রাশেদ’সহ কয়েকজন একটি দেশীয় অস্ত্র (চেনি) নিয়ে তেড়ে আসার কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে চলছে নানা মন্তব্য।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

