জনপ্রিয় ব্রিটিশ গায়িকা লরেন বেনেট মারা গেছেন মাত্র ৩৭ বছর বয়সে। গায়িকার মৃত্যুর বিষয়টি সোমবার (৬ জুলাই) প্রকাশ করে তার সাবেক ব্যান্ড ‘জি.আর.এল’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তারা একটি আবেগঘন বার্তার মাধ্যমে বিষয়টি সামনে আনে।
বিবিসি থেকে জানা যায়, বিবৃতিতে বলা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় লরেনের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি আমাদের জীবনে যে জায়গা দখল করে ছিলেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার হাসি, ভালোবাসা ও অসংখ্য স্মৃতি আমরা চিরদিন হৃদয়ে ধরে রাখব।
তবে লরেন বেনেটের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ২০১১ সালে প্রকাশিত ‘পার্টি রক অ্যান্থেম’ সুপারহিট গানটির মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পান লরেন। গানটি টানা ছয় সপ্তাহ বিলবোর্ডের সেরা ১০০ এর মধ্যে রয়েছে। গানটির মিউজিক ভিডিওতে লরেনও উপস্থিত ছিলেন, যা ইউটিউবে এখন পর্যন্ত ২.৫ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।
২০১৪ সালে তিনি নারীদের ব্যান্ড ‘জি.আর.এল’-এ যোগ দেন। একই বছর প্রকাশিত তাদের গান ‘আগলি হার্ট’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া র্যাপার পিটবলের সঙ্গে ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও কণ্ঠ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘জি.আর.এল’.-এর সদস্য সিমোন ব্যাটল আত্মহত্যা করলে দলটি ভেঙে যায়। আর এবার লরেন বেনেটের মৃত্যুতে মিউজিক ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় শিল্পীকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।
পড়ুন : সাভারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে সরকার
সা/


