গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব অপরাধে জড়িয়ে পড়লে ব্যক্তি ও তার পরিবারের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।
সোমবার (৭ জুলাই) কালিয়াকৈর থানায় ডাকাতি মামলায় রিমান্ডে থাকা এক আসামিকে জিজ্ঞাসাবাদের সময় এবং অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
ওসি সহিদুল ইসলাম বলেন, পরিবেশ দূষণ, ভেজাল ও রাসায়নিকযুক্ত খাদ্য, মাদকাসক্তি, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। তাই সবাইকে সচেতন জীবনযাপন এবং আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সময় শিক্ষা, কর্মজীবন ও পরিবার গঠনে ব্যয় করা উচিত। কিন্তু কেউ অপরাধ বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তার ব্যক্তিগত জীবন, সামাজিক অবস্থান ও পারিবারিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।
মাদকের বিষয়ে ওসি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ডাকাতি মামলার রিমান্ডে থাকা আসামিসহ অপরাধপ্রবণ ব্যক্তিদের বিষয়ে পুলিশ নজরদারি জোরদার করেছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি সহিদুল ইসলাম বলেন, “পুলিশ শুধু আইন প্রয়োগই করে না, জনগণকে সচেতন করাও আমাদের দায়িত্ব। সবাই পরিবেশ রক্ষা করুন, নিরাপদ খাদ্য গ্রহণ করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং অপরাধ ও মাদক থেকে দূরে থাকুন। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।”
পড়ুন : দেশের ১২ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সা/


