সকাল থেকে টানা বৃষ্টি। প্রয়োজনের তাগিদে ছুটে চলা মানুষের অনেকের হাতেই ছিল না ছাতা। কেউ ভিজে পথ পাড়ি দিচ্ছিলেন, কেউ আবার দোকানের ছাউনি কিংবা গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বৃষ্টি কমার। এমন সময় তাঁদের হাতে একটি করে ছাতা তুলে দেওয়া হলো। মুহূর্তেই অনেক মুখে ফুটে উঠল স্বস্তির হাসি।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় প্রায় সাড়ে চারশ পথচারীর মাঝে ছাতা বিতরণ করেন প্রবাসী বিএনপি নেতা ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া। তিনি দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে বড় ভাই আলাউদ্দিন ভূইয়া পথচারীদের হাতে ছাতাগুলো তুলে দেন।
ছাতা পেয়ে পথচারীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, বর্ষার দিনে এমন একটি উপহার শুধু বৃষ্টি থেকে রক্ষা করে না, মানুষের প্রতি দায়িত্ববোধেরও প্রকাশ ঘটায়।
এর আগে একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও ছাতা বিতরণ করেন সালাউদ্দিন ভূঁইয়া।
হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। বর্ষার এই সময়ে অনেক মানুষ প্রতিদিন বৃষ্টিতে ভিজে চলাচল করেন। তাঁদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আখাউড়ার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করব।”
স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল সময়ে মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে নেওয়া এমন উদ্যোগ সামাজিক সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ
ইমি/


