বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লির হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনাদারকে বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তার সাজা বহাল রাখার এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতেই এ মামলায় জেলে পাঠানো হয়েছিল তাকে। প্রায় ১৫ বছর আগে নেয়া একটি ঋণ এবং সেটি পরিশোধে অনিয়মের জন্য আদালতের নির্দেশে আত্মসমপর্ণ করেছিলেন তিনি।
এদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, দিল্লি হাইকোর্ট অভিনেতার সাজা বহাল রাখলেও কারাদণ্ড ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে। বিচারপতি স্বর্ণা কান্ত শর্মার বেঞ্চ অপরাধী প্রবেশন আইনের অধীনে প্রবেশনের সুবিধা চেয়ে অভিনেতার আবেদন প্রত্যাখ্যান করে।
রায়ে রাজপাল যাদবকে অভিযোগকারী সংস্থাকে বকেয়া অর্থ ও মামলার খরচ পরিশোধের পাশাপাশি তার স্ত্রী রাধা যাদবকেও ৫ লাখ ৫১ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণের জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি সেই অর্থ সময়মতো ফেরত দিতে পারেননি, যার ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এর আগে ২০১৮ সালে নিম্ন আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দিলেও উচ্চ আদালতে আপিলের পর তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে আদালতের মধ্যস্থতায় দুই দফায় তিনি ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করলেও বাকি অর্থ বকেয়া থেকে যায়।
চলতি বছরের শুরুতে আদালতে শেষবার আবেদন করেও অভিনেতা কারাদণ্ড থেকে মুক্তি পাননি। ৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন এবং ছয় মাসের সাজা কার্যকর হয়। পরে ১৬ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান অভিনেতা।
পড়ুন :১৬ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
সা/


