নিজেকে ইরানের ‘১ নম্বর টার্গেট’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিয়ত ইরানের দ্বারা গুপ্তহত্যার হুমকির মুখে রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। আর তাই ইরানের দ্বারা কোনও অঘটনের শিকার হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সে বিষয়ে নিজের উপদেষ্টাদের নির্দিষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। খবর ইন্ডিপেনডেন্টের।
গত শুক্রবার নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তবে তাদের (ইরানের) ওপর এমনভাবে বোমাবর্ষণ করবে যা তারা আগে কখনও দেখেনি।’
ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে মার্কিন সামরিক বাহিনীকে পুরো দেশটি ধ্বংস করে দেয়ার নির্দেশ দেবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় প্রেসিডেন্ট বলেছিলেন, তাকে হত্যা করা হলে ইরানকে ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করে দেয়া হবে।
সে সময় তিনি বলেন, ‘আমি নির্দেশনা দিয়েছি, তারা যদি এমনটি করে, তবে তাদের অস্তিত্ব থাকবে না, কিছুই অবশিষ্ট থাকবে না।’
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ট্রাম্প দাবি করেন, ইরানের কিল লিস্টের শীর্ষে রয়েছেন তিনি। ইরানের নতুন কোনও ষড়যন্ত্র ইসরায়েল খুঁজে পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প অবশ্য বলেন, ‘ইসরায়েল কিছুই খুঁজে পায়নি। আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকার ১ নম্বরে আছি। এটাই জীবন। আশা করি আপনারা আমাকে মিস করবেন।’
উল্লেখ্য, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের এলিট কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর থেকেই ট্রাম্পের ওপর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান। গত কয়েক মাসে ইরান-ইসরায়েল যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে হত্যার হুমকি আরও তীব্র হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে ইরানের এক সরকারি অপারেটিভের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তাকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়িত্ব দেয়া হয়েছিল। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বরাবর এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, এটি ‘ইরানভীতি’ ছড়ানোর জন্য ইসরায়েলের ষড়যন্ত্র।
পড়ুন : জাতিসংঘ ফোরামে দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবননির্ভর উন্নয়নে বাংলাদেশের গুরুত্বারোপ
সা/


