কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ছাদ চুইয়ে পানি পড়ে চরম দুর্ভোগে পড়া এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।
শুক্রবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগমের বাড়িতে গিয়ে তিনি বসতঘর মেরামতের জন্য ২০টি টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। দীর্ঘদিন ধরে ঘরের টিন নষ্ট থাকায় বৃষ্টির পানি ঘরে ঢুকে বসবাস প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে বৃদ্ধা ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছিল।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নুর নাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, টানা বৃষ্টিতে অনেক কষ্টে দিন কাটলেও কেউ তাঁর খোঁজ নেয়নি। স্বামীর রেখে যাওয়া বাড়িটিই তাঁর একমাত্র সম্বল। তেমন কোনো আয়ের উৎসও নেই। এমন দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি বিএনপি নেতা তৌহিদুল আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
টিন ও নগদ অর্থ সহায়তা প্রদানকালে তৌহিদুল আলম বলেন, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২০টি টিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করা হবে। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, ছাত্রদল নেতা আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন : বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
সা/


