টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ–হলিদ্রাচালা এবং ক্যাডেট কলেজ–রাজাবাড়ি সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার সকালে গোড়াই বাজার এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন গোড়াই ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জহির দেওয়ান, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আরফান আলী ভূঁইয়া, হলিদ্রাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
পড়ুন: নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
আর/


