প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বরিশাল সফরকে স্বাগত জানিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে পিরোজপুরের সি-অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব রিজভী এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব বালা, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শায়েখ আব্দুল্লাহসহ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, আগামী ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল বিভাগ সফর উপলক্ষে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এ সময় বক্তারা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।
পড়ুন : নাশিদা শাফিজ বিন্তির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান, ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন


