মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল ও পাখিভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ৯টার দিকে গাংনী পৌর এলাকার ঝিনেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। তিনি গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন।
আহতরা হলেন—গাংনী উপজেলার গরীবপুর গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ (২০) এবং শিশিরপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে পাখিভ্যানচালক আব্দুর রহমান (৪০)।
নিহতের ভাগ্নে বাবু হোসেন জানান, প্যারালাইসিসে আক্রান্ত আবুল হাশেম রাতে পাখিভ্যানে করে ওষুধ কিনতে বাজারে যাচ্ছিলেন। ঝিনেরপুল এলাকায় পৌঁছালে হঠাৎ এক কিশোর সড়ক পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে পাখিভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে চলে যান। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবুল হাশেমের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে খলিশাকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবুল হাশেমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:কাতার আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল
ইমি/


