রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসার নিচে জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক ছিলেন।
রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ব্যক্তির ভায়রা ভাই এ,কে,এম আব্দুল্লাহি বাকি জানান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে দেড় বছর আগে অবসরে আসেন রেজাউল করিম। দুই ছেলেকে নিয়ে শনিরআখড়ার ৩ তলা নিজের বাড়িটিতেই থাকতেন।
তিনি জানায়, রোববারের বৃষ্টিতে তার বাড়ির নিচ তলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি সেই পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। তখনই সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে পানিতে অচেতন হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানায় অবহিত করা হয়েছে।
পড়ুন : দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
সা/


