বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ছবিটির বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং তারকাবহুল অভিনয়শিল্পীর তালিকাও সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
বর্তমানে ‘কিং’-এর শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন দেশ ও লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। আগামী আগস্টের মধ্যে শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে সম্পাদনা, ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), সাউন্ড ডিজাইনসহ পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন কাজ।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক কিংবা সিনেমাটির প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই ‘কিং’ বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য, অত্যাধুনিক ভিএফএক্স এবং বিশাল পরিসরের সেট নির্মাণ। সিনেমাটির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, যারা এর আগে একাধিক সফল সিনেমায় উন্নত প্রযুক্তির ব্যবহার করে প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে স্মরণীয় করে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। শুরুতে সিনেমাটি তুলনামূলক ছোট পরিসরে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে এটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, মেয়ের প্রথম বড় পর্দার সিনেমাকে সফল করতে নির্মাণের প্রতিটি ধাপে নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন শাহরুখ খান।
এর আগে শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ বাজেটের সিনেমা।
শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শাহরুখ-সুহানার প্রথম অনস্ক্রিন উপস্থিতি—সব মিলিয়ে ছবিটি বছরের সবচেয়ে আলোচিত বলিউড সিনেমাগুলোর একটি হয়ে উঠবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
পড়ুন:আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
ইমি


