চট্টগ্রামের পটিয়ায় চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পত্রিকা হকারদের পাশে দাঁড়িয়েছে পটিয়া প্রেস ক্লাব। ক্লাবের উদ্যোগে কর্মরত হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে হকারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা।
প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. তোহা বলেন, “হকাররা সংবাদপত্র ও সাংবাদিকদের একই পরিবারের সদস্য। ভয়াবহ বন্যায় অন্যান্য পেশাজীবীদের মতো তারাও মানবেতর জীবনযাপন করছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি দেশের এই দুর্যোগময় সময়ে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন। তিনি বলেন, “যেকোনো দুর্যোগে পটিয়া প্রেস ক্লাব অতীতেও হকারদের পাশে ছিল, এখনও রয়েছে। এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী তসলিম উদ্দিন, প্রবাসী নিক্সন, পটিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ.ন.ম. সেলিম, ওসমান গনি, সায়েম মাহমুদসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পটিয়া এলাকায় কর্মরত সকল পত্রিকা হকারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগকে হকাররা আন্তরিকভাবে স্বাগত জানান।
পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
ইমি


