চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি-২০২৬ শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিতের পাশাপাশি ৮ দফা দাবি জানিয়ে সরকারের কাছে ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। বরং একটি মানবিক ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতেই এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, এক ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে না নেওয়া হলে তারা দিনব্যাপী পুরো মহাসড়ক অবরোধ করবেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি:
১. দায় স্বীকার: শিক্ষা মন্ত্রণালয়কে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
২. গবেষণা বন্ধ: এইচএসসি-২০২৬ শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।
৩. পরীক্ষা স্থগিত: দেশজুড়ে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত রাখতে হবে।
৪. ভুলের জন্য ক্ষমা: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে।
৫. ক্ষতিপূরণ: প্রশ্নপত্রে ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর দিতে হবে।
৬. শিক্ষার্থী-বান্ধব ব্যবস্থা: শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করতে হবে।
৭. মান উন্নয়ন: গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।
৮. প্রাথমিক গুরুত্ব: শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
যান চলাচল ব্যাহত: শিক্ষার্থীদের এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি
আর/


