প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এ দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষার্থীদের জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি হয়েছে, সে কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ
আর/


