বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। দুর্গত মানুষের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রত্যেকের কাছেই ত্রাণ পৌঁছাতে হবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, রাষ্ট্রক্ষমতায় এলে দেশের সব খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে একসময় খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটেছিল। কিন্তু দীর্ঘদিন খাল পুনঃখনন না হওয়ায় অনেক স্থানে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, সরেজমিনে এসে দেখা গেছে, খাল খননের ফলে ইতোমধ্যে পানি নিষ্কাশনে ইতিবাচক প্রভাব পড়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা। খালের পাড়ে বৃক্ষরোপণ এবং অবশিষ্ট অংশের পুনঃখনন কাজ আগামী শুকনো মৌসুমে সম্পন্ন করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন : জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার: সংসদে প্রধানমন্ত্রী


