মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্ৰামের বরিং মাঠে বিদ্যুতস্পৃষ্টে নুরাল হক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো দুজন কৃষক। আজ বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। কৃষক নুরাল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নুরাল হক, সাহারুল ও সাইফুল ধর্মচাকী বরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিল। কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাৎ সকলেই বিদ্যুতস্পৃষ্ট হন। মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে নুরালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরাল হক হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।


