জুলাই শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পিরোজপুর জেলা শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ছাত্রদল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাহস জুগিয়েছে। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীরা আরও বেশি হামলা-নির্যাতনের শিকার হতো।”
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ঘরে বসে থাকা যাবে না। ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় পিরোজপুরে জুলাই আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। এ কারণেই আমাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও বলেন, ছাত্রদল কোনো কৃতিত্বের জন্য রাজনীতি করে না। তবে জুলাই আন্দোলনে সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করা হলে তা ইতিহাসের প্রতি অবিচার হবে।
এসময় অন্য বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

