ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে চালানো একটি ‘বৃহৎ ও আকস্মিক’ হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কয়েকটি কৌশলগত আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত আইআরজিসির ২৪তম বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটির স্বাগতিক দেশগুলোকে বুঝতে হবে যে, “লাল রেখা” অতিক্রম করে বেসামরিক জনগণ ও সামরিক-বহির্ভূত অবকাঠামোতে হামলার মূল্য অত্যন্ত চড়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোর ওপর নতুন করে কোনো হামলা চালায়, তাহলে তেহরানের জবাব হবে “অত্যন্ত বিধ্বংসী”।
তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা কাতার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
পড়ুন : সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সা/


