কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে প্রকাশ্যে পল্লী চিকিৎসক মো. জাহেদুল ইসলাম (জিন্নাত) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নিহতের পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনের আলোতে একজন নিরীহ পল্লী চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাবে।
বক্তারা আরও বলেন, নিহত জাহেদুল ইসলাম (জিন্নাত) ছিলেন এলাকার পরিচিত ও সেবাপরায়ণ একজন মানুষ। তার হত্যাকাণ্ডে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই বিলম্ব না করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শেষে নিহতের পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
পড়ুন : ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, ৮ নদীবন্দরে সতর্ক সংকেত
সা/


